হাঙ্গেরি সরকারের একটি উল্লেখযোগ্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য উদ্যোগ Stipendium Hungaricum Scholarship Program. ২০১৩ সালে শুরু হওয়া এই স্কলারশিপের মূল লক্ষ্য হল বিশ্বের মেধাবী শিক্ষার্থীদের জন্য হাঙ্গেরিয়ান উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পড়ার সুযোগ সৃষ্টি করা। বাংলাদেশসহ বিশ্বের ১০০টিরও বেশি দেশ এই প্রোগ্রামের আওতাভুক্ত। ২০২৫ সালে ৮০,০০০ আবেদন জমা পড়েছিল, যার মধ্যে ৪,৫০০ এরও বেশি শিক্ষার্থী এই স্কলারশিপ পেয়েছে। এই ব্লগে আপনি পাবেন স্কলারশিপের সম্পূর্ণ বিবরণ, আবেদনের ধাপে ধাপে প্রস্তুতি, এবং একজন বাংলাদেশী শিক্ষার্থী হিসেবে আপনার জন্য প্রয়োজনীয় সকল তথ্য।
Stipendium Hungaricum স্কলারশিপ কী?
Stipendium Hungaricum হল হাঙ্গেরি সরকারের একটি পুরোপুরি অর্থায়নকৃত স্কলারশিপ প্রোগ্রাম, যা বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের জন্য হাঙ্গেরিতে উচ্চশিক্ষা লাভের সুযোগ করে দেয়। টেম্পাস পাবলিক ফাউন্ডেশন এই প্রোগ্রামের সমন্বয়কারী সংস্থা হিসেবে কাজ করে। প্রোগ্রামটির সাফল্য এতটাই যে, ২০১৩ থেকে ২০১৯ সালের মধ্যে হাঙ্গেরিতে পড়াশোনা করা আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা দ্বিগুণ হয়েছে, এবং Stipendium Hungaricum স্কলারশিপধারীর সংখ্যা চার গুণ বেড়েছে।
কী কী আছে Stipendium Hungaricum স্কলারশিপের আওতায়?
এই স্কলারশিপ নিয়ে পড়তে আসা শিক্ষার্থীরা নিম্নলিখিত সুবিধাগুলো পেয়ে থাকেন:
- টিউশন ফি মওকুফ: সম্পূর্ণ টিউশন ফি স্কলারশিপের আওতায় কভার করা হয়।
- মাসিক ভাতা: ব্যাচেলর, মাস্টার্স এবং অন্যান্য প্রোগ্রামের শিক্ষার্থীরা মাসিক HUF 43,700 (প্রায় ১১০ ইউরো) হারে ভাতা পান, যা বছরজুড়ে দেওয়া হয়।
- আবাসন সুবিধা: বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে বিনামূল্যে থাকার ব্যবস্থা (সিট খালি থাকা সাপেক্ষে) অথবা বাইরে ভাড়া বাসায় থাকলে HUF 40,000 (প্রায় ১০০ ইউরো) মাসিক ভাড়া সহায়তা।
- চিকিৎসা বীমা: হাঙ্গেরির সরকারি স্বাস্থ্য সেবা এবং অতিরিক্ত চিকিৎসা বীমা, বছরে HUF 65,000 (প্রায় ১৬৫ ইউরো) পর্যন্ত।
গুরুত্বপূর্ণ তথ্য: স্কলারশিপের অর্থায়ন আপনার হাঙ্গেরিতে থাকার সকল ব্যয় সম্পূর্ণভাবে কভার করে না। বিশেষ করে বুদাপেস্টের মতো বড় শহরে বাসা ভাড়া এবং জীবনযাপনের ব্যয় বেশি হতে পারে। তাই আপনার নিজস্ব কিছু সঞ্চয় বা অর্থায়নের প্রয়োজন হবে। আবেদনের আগে অবশ্যই Study in Hungary ওয়েবসাইটের Cost of Living Calculator ব্যবহার করে ব্যয়ের একটি ধারণা নিয়ে নিন।
কোন কোন প্রোগ্রামে আবেদন করতে পারবেন?
এই স্কলারশিপের আওতায় বিভিন্ন স্তরের প্রোগ্রামে আবেদন করার সুযোগ রয়েছে:
- ব্যাচেলর প্রোগ্রাম: ২-৪ বছর মেয়াদী ।
- মাস্টার্স প্রোগ্রাম: ১-২ বছর মেয়াদী ।
- ওয়ান-টিয়ার মাস্টার্স প্রোগ্রাম: ৫-৬ বছর মেয়াদী (মেডিসিন, ডেন্টিস্ট্রি, ফার্মেসি, আর্কিটেকচার, ল’ ইত্যাদি)।
- পোস্টগ্র্যাজুয়েট স্পেশালিস্ট ট্রেনিং কোর্স: ১-২ বছর মেয়াদী ।
- নন-ডিগ্রি প্রোগ্রাম: হাঙ্গেরিয়ান ভাষা প্রিপারেটরি কোর্স (১ বছর) ।
স্টাডি মোড: আপনি ফুল-ডিগ্রি প্রোগ্রাম (সম্পূর্ণ ডিগ্রির জন্য) অথবা পার্শিয়াল/এক্সচেঞ্জ প্রোগ্রামে (১ বা ২ সেমিস্টারের জন্য) আবেদন করতে পারবেন।
কারা আবেদন করতে পারবেন? (যোগ্যতা)
নাগরিকত্ব ও বয়স
- আপনাকে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং বাংলাদেশের nominating authority (বাংলাদেশে এটা হলো শিক্ষা মন্ত্রণালয়) এর মাধ্যমে আবেদন করতে হবে।
- হাঙ্গেরিয়ান নাগরিক (ডুয়াল সিটিজেনশিপ সহ) আবেদন করতে পারবেন না।
- ৩১ আগস্ট ২০২৬ এর মধ্যে আপনার বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে।
পূর্ববর্তী স্কলারশিপধারীদের জন্য নিয়মঃ
- আপনি যদি ইতিমধ্যেই Stipendium Hungaricum স্কলারশিপ নিয়ে একই লেভেলের (যেমন, ব্যাচেলর) পড়াশোনা করে থাকেন, তাহলে আবার একই লেভেলে আবেদন করতে পারবেন না।
- তবে, আপনি উচ্চতর লেভেলে আবেদন করতে পারবেন। যেমন, ব্যাচেলর স্কলারশিপধারী মাস্টার্সে আবেদন করতে পারবেন।
- যারা ২০২৩/২৪, ২০২৪/২৫ বা ২০২৫/২৬ শিক্ষাবর্ষে স্কলারশিপ পেয়ে গ্রহণ করার পর হাঙ্গেরিতে আসেননি বা পড়াশোনা শুরু করেননি, তারা আবেদন করতে পারবেন না।
হাঙ্গেরিতে স্ব-অর্থায়নে পড়ছেন এমন শিক্ষার্থীদের জন্যঃ
আপনি যদি ইতিমধ্যেই হাঙ্গেরির কোনো বিশ্ববিদ্যালয়ে স্ব-অর্থায়নে (Self-financed) একই লেভেলে (যেমন, মাস্টার্স) পড়ছেন, এবং সেখানেই স্কলারশিপের জন্য আবেদন করতে চান, তাহলে আপনাকে অবশ্যই:
- আপনার বর্তমান বিশ্ববিদ্যালয় থেকে একটি রিকমেন্ডেশন লেটার জমা দিতে হবে।
- আপনার একাডেমিক পারফরম্যান্স (Cumulative, corrected sum average) সংশ্লিষ্ট প্রোগ্রামের শিক্ষার্থীদের গড় (Szakátlag) এর চেয়ে বেশি হতে হবে।
আবেদন প্রক্রিয়া: একটি ধাপে ধাপে গাইডঃ
আবেদন প্রক্রিয়া দুটি প্রধান ধাপে সম্পন্ন হয়: প্রথমে আপনাকে বাংলাদেশের nominating authority (শিক্ষা মন্ত্রণালয়) এর মাধ্যমে মনোনীত হতে হবে, তারপর হাঙ্গেরির বিশ্ববিদ্যালয় আপনাকে গ্রহণ করবে কিনা তা নির্ধারিত হবে।
গুরুত্বপূর্ণ সময়সীমা (Timeline)
- নভেম্বর ২০২৫ – ১৫ জানুয়ারি ২০২৬: অনলাইন অ্যাপ্লিকেশন সিস্টেমে আবেদন জমা দেওয়ার সময়। শেষ তারিখ: ১৫ জানুয়ারি ২০২৬, দুপুর ২টা (সিইটি)।
- জানুয়ারি-ফেব্রুয়ারি ২০২৬: টেম্পাস পাবলিক ফাউন্ডেশন কর্তৃক প্রাথমিক বা টেকনিক্যাল চেক এবং সেন্ডিং পার্টনার (বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়) কর্তৃক মনোনয়ন প্রক্রিয়া।
- মধ্য মার্চ – শেষ মে ২০২৬: হাঙ্গেরির হোস্ট বিশ্ববিদ্যালয়গুলোতে এন্ট্রান্স এক্সাম/ইন্টারভিউ।
- জুন ২০২৬ এর শেষ দিক: চূড়ান্ত ফলাফল ঘোষণা।
- ১ আগস্ট ২০২৬: স্কলারশিপ গ্রহণ এবং যেকোনো ডকুমেন্ট জমা দেওয়ার শেষ তারিখ।
- জুলাই-আগস্ট ২০২৬: ভিসা আবেদনের প্রক্রিয়া।
- ৩০ সেপ্টেম্বর ২০২৬ : হাঙ্গেরিতে পৌঁছে বিশ্ববিদ্যালয়ে নিবন্ধন সম্পন্ন করতে হবে।
আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টঃ
নিচের সকল ডকুমেন্ট স্ক্যান কপি হিসেবে অনলাইন অ্যাপ্লিকেশন সিস্টেমে আপলোড করতে হবে। প্রতিটি ফাইলের সাইজ ৪ MB-এর কম হতে হবে।
১. অনলাইন আবেদন ফর্ম: একটি সদ্য তোলা ছবিসহ (গত ২ বছরের মধ্যে তোলা)।
২. মোটিভেশন লেটার: কমপক্ষে এক পৃষ্ঠা, টাইমস নিউ রোমান ১২-পয়েন্ট ফন্টে, আপনার নির্বাচিত প্রোগ্রামের ভাষায় (ইংরেজি বা হাঙ্গেরিয়ান) লিখতে হবে।
৩. ভাষার দক্ষতার প্রমাণপত্র: হোস্ট বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয়তা অনুযায়ী ইংরেজি বা হাঙ্গেরিয়ান ভাষার সার্টিফিকেট। যদি আপনার পূর্ববর্তী শিক্ষা ইংরেজি মাধ্যমে হয়ে থাকে, তাহলে তার প্রমাণ দিতে পারেন।
৪. একাডেমিক সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্ট:
– ব্যাচেলরের জন্য: উচ্চ মাধ্যমিক বা সমতুল্য সার্টিফিকেট এবং মার্কশিট।
– মাস্টার্সের জন্য: ব্যাচেলর ডিগ্রি সার্টিফিকেট এবং সকল সেমিস্টারের ট্রান্সক্রিপ্ট।
– সকল সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্ট ইংরেজি বা হাঙ্গেরিয়ান ভাষায় অনুবাদ করে জমা দিতে হবে।
৫. জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্টের কপি: পাসপোর্ট না থাকলে জাতীয় পরিচয়পত্রের কপি জমা দিতে পারেন। পরবর্তীতে পাসপোর্ট হলে তা আপডেট করতে পারবেন।
৬. পোর্টফোলিও (শুধুমাত্র আর্ট ও মিউজিক প্রোগ্রামের জন্য): বিশ্ববিদ্যালয়ের নির্দেশিকা অনুযায়ী আপনার শিল্পকর্ম বা সঙ্গীতের নমুনা জমা দিতে হবে। ফাইলের সাইজ ৪ MB-এর বেশি হলে ডাউনলোড লিংক আপলোড করতে পারেন।
৭. মেডিকেল সার্টিফিকেট: এটি এখনই আপলোড করবেন না। শুধুমাত্র যারা স্কলারশিপ পাবেন, তারা হাঙ্গেরিতে পৌঁছে বাধ্যতামূলক মেডিকেল চেকআপের সময় এটি জমা দেবেন। সার্টিফিকেটটি ১ নভেম্বর ২০২৫-এর পরে ইস্যু করা হতে হবে।
ডকুমেন্ট: আপনি যদি শেষ সেমিস্টারে পড়াকালীন অবস্থায় আবেদন করেন এবং এখনও ফাইনাল রেজাল্ট/ডিগ্রি সার্টিফিকেট না পান, তাহলে ১৫ জানুয়ারি ২০২৬ একটি স্ব-লিখিত ডিক্লারেশন (যাতে ১ আগস্ট ২০২৬ ডকুমেন্ট জমা দেওয়ার অঙ্গীকার থাকবে) আপলোড করতে হবে। তারপর নির্দিষ্ট সময়ের মধ্যে ডকুমেন্ট জমা দিতে হবে।
কীভাবে আবেদন করবেন?
আবেদন প্রক্রিয়া দুটি জায়গায় সম্পন্ন করতে হবে:
১. টেম্পাস পাবলিক ফাউন্ডেশন: apply.stipendiumhungaricum.hu এই ওয়েবসাইটে গিয়ে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ এবং সকল ডকুমেন্ট আপলোড করতে হবে। শুধু সেভ করলে হবে না, অবশ্যই সাবমিট বাটনে ক্লিক করতে হবে।
২. বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয় (সেন্ডিং পার্টনার): বাংলাদেশের nominating authority-এর নিজস্ব আবেদন পদ্ধতি ও সময়সীমা থাকতে পারে। তাই যত দ্রুত সম্ভব বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগে যোগাযোগ করে তাদের আবেদনের শর্ত ও সময়সীমা জেনে নিন। শুধুমাত্র যাদেরকে শিক্ষা মন্ত্রণালয় মনোনীত করবে, তাদের আবেদনই পরবর্তী ধাপে বিবেচনা করা হবে।
ইমেইল ঠিকানা: একটি সক্রিয় এবং নিয়মিত চেক করা ইমেইল অ্যাকাউন্ট ব্যবহার করুন। হটমেইল বা ইয়াহু অ্যাকাউন্ট ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়, কারণ অনেক সময় ইমেইল স্প্যাম ফোল্ডারে চলে যায়। আপনার বর্তমান বিশ্ববিদ্যালয়ের ইমেইল ব্যবহার থেকে বিরত থাকুন, কারণ সেটি পরিবর্তন হতে পারে।
পড়াশোনার ভাষা এবং প্রিপারেটরি কোর্সঃ
ইংরেজি মাধ্যমে পড়াশোনা
বেশিরভাগ প্রোগ্রামই ইংরেজি ভাষায় পড়ানো হয়। আপনাকে হোস্ট বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয়তা অনুযায়ী ইংরেজি ভাষার দক্ষতার প্রমাণ (যেমন, IELTS, TOEFL) জমা দিতে হবে।
হাঙ্গেরিয়ান ভাষায় পড়াশোনা
আপনি যদি হাঙ্গেরিয়ান ভাষায় পড়াশোনা করতে চান, তাহলে দুটি উপায় রয়েছে:
- আপনি যদি ইতিমধ্যেই ইন্টারমিডিয়েট (B2) লেভেলের হাঙ্গেরিয়ান ভাষা জানেন, তাহলে সরাসরি ডিগ্রি প্রোগ্রামে আবেদন করতে পারেন এবং ভাষার সার্টিফিকেট জমা দিতে হবে।
- আপনি যদি হাঙ্গেরিয়ান ভাষা না জানেন, তাহলে এক বছর মেয়াদি বাধ্যতামূলক হাঙ্গেরিয়ান ভাষা প্রিপারেটরি কোর্সে আবেদন করতে হবে। এই কোর্সে আবেদনের জন্য আপনার বেসিক লেভেলের ইংরেজি জানা প্রয়োজন। প্রিপারেটরি কোর্সে আবেদন করার সময় সরাসরি প্রিপারেটরি কোর্সকেই সিলেক্ট করতে হবে, এরপরের ডিগ্রি প্রোগ্রামকে নয়।
গুরুত্বপূর্ণ: হাঙ্গেরিয়ান ভাষায় পড়াশোনা শেষে ইংরেজি মাধ্যমে পড়াশোনা চালিয়ে যাওয়ার সুযোগ নেই।
Hungarian as a Foreign Language কোর্স
স্কলারশিপধারী প্রত্যেক শিক্ষার্থীকেই (হাঙ্গেরিয়ান ভাষায় পড়ছেন না যারা) প্রথম বছর “Hungarian as a foreign language” কোর্সে অংশগ্রহণ করতে হবে এবং দ্বিতীয় সেমিস্টারের শেষে পরীক্ষায় পাস করতে হবে। কোর্সে অংশ না নিলে মাসিক ভাতা বন্ধ হয়ে যাবে, এবং পরীক্ষায় Fall করলে মাসিক ভাতা কমিয়ে HUF 30,000 করা হবে।
নির্বাচন প্রক্রিয়া (Selection Process)
প্রথম ধাপ: টেকনিক্যাল চেক ও মনোনয়ন
টেম্পাস পাবলিক ফাউন্ডেশন প্রথমে আপনার আবেদনের প্রাথমিক যোগ্যতা (বয়স, নাগরিকত্ব, ডকুমেন্টের উপস্থিতি ইত্যাদি) যাচাই করবে। এরপর বৈধ আবেদনগুলো বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। শিক্ষা মন্ত্রণালয় তাদের নিজস্ব নিয়ম অনুযায়ী প্রার্থী বাছাই করে একটি মনোনয়ন তালিকা ফেব্রুয়ারি ২০২৬-এর মধ্যে টেম্পাস-কে পাঠাবে। শুধুমাত্র মনোনীত প্রার্থীরাই পরবর্তী ধাপে যেতে পারবেন।
দ্বিতীয় ধাপ: ইনস্টিটিউশনাল এভালুয়েশন
মনোনীত প্রার্থীদের আবেদনপত্র হাঙ্গেরির হোস্ট বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠানো হবে। বিশ্ববিদ্যালয়গুলো আপনার ডকুমেন্ট যাচাই করার পর প্রয়োজনবোধে এন্ট্রান্স এক্সাম বা ইন্টারভিউ এর আয়োজন করবে। এক্সামের তারিখ ও পদ্ধতি সরাসরি বিশ্ববিদ্যালয় থেকে আপনাকে ইমেইলের মাধ্যমে জানানো হবে।
- আপনি সর্বোচ্চ দুটি প্রোগ্রাম পছন্দের ক্রমানুসারে সিলেক্ট করতে পারবেন।
- আপনার প্রথম পছন্দের প্রোগ্রামের এক্সাম প্রথমে নেওয়া হবে।
- মেডিকেল প্রোগ্রামগুলো অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ। তাই মেডিকেল প্রোগ্রাম শুধুমাত্র প্রথম পছন্দ হিসেবে সিলেক্ট করলে ভালো consideration পাওয়া যায়।
বিশ্ববিদ্যালয় ১০০ নম্বরের ভিত্তিতে আপনাকে মূল্যায়ন করবে। স্কলারশিপ পেতে ন্যূনতম ৫৬ নম্বর পেতে হবে।
তৃতীয় ধাপ: বরাদ্দকরণ (Allocation)
সমস্ত বিশ্ববিদ্যালয়ের এন্ট্রান্স এক্সামের ফলাফল টেম্পাস পাবলিক ফাউন্ডেশনকে পাঠানোর পর, তারা নিম্নলিখিত বিষয়গুলোর ভিত্তিতে চূড়ান্ত স্কলারশিপধারী নির্বাচন করবে:
- হাঙ্গেরি ও বাংলাদেশের মধ্যকার দ্বিপাক্ষিক চুক্তির শর্তাবলী।
- বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট প্রোগ্রামের সক্ষমতা (সিট খালি আছে কিনা)।
- আপনার পছন্দের ক্রম (প্রথম ও দ্বিতীয় পছন্দ)।
- এন্ট্রান্স এক্সামের নম্বর এবং বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়ের মনোনয়ন তালিকায় আপনার অবস্থান।
- STEM+ (বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল, গণিত, কৃষি, স্বাস্থ্য বিজ্ঞান) ক্ষেত্রের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হয়।
স্কলারশিপ গ্রহণ এবং হাঙ্গেরিতে আগমন
জুন/জুলাই ২০২৬-এ ফলাফল ঘোষণার পর, যারা স্কলারশিপ পাবেন, তাদেরকে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে (সাধারণত এক সপ্তাহ, তবে ১ আগস্ট ২০২৬) অনলাইন সিস্টেমে গিয়ে স্কলারশিপ গ্রহণ করতে হবে এবং Operational Regulations-এ সম্মতি দিতে হবে।
এরপর দ্রুত হাঙ্গেরির দূতাবাতে ভিসার জন্য আবেদন শুরু করতে হবে। স্কলারশিপধারী হিসেবে আপনার ভিসা ফি মওকুফ হবে। তবে, স্কলারশিপ পাওয়া ভিসার গ্যারান্টি নয়।
আপনাকে ৩০ সেপ্টেম্বর ২০২৬ হাঙ্গেরিতে পৌঁছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে। আপনার আসার তারিখের কমপক্ষে ১৫ দিন আগে, কিন্তু ৩০ দিনের বেশি নয়, সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের Stipendium Hungaricum কো-অর্ডিনেটরকে আপনার আসার তারিখ জানাতে হবে।
গুরুত্বপূর্ণ সতর্কতা ও পরামর্শঃ
- সত্যতা বজায় রাখুন: আবেদনের সময় ভুল বা মিথ্যা তথ্য দেওয়া থেকে বিরত থাকুন। এটি আবেদন বাতিলের কারণ হবে।
- প্রোগ্রাম পছন্দ সতর্কতার সাথে করুন: আবেদনের পর প্রোগ্রাম, ভাষা বা স্টাডি মোড পরিবর্তন করা যাবে না। বিশ্ববিদ্যালয়ের Minimum Entry Requirements carefully পড়ে নিন।
- যোগাযোগ করুন: কোনো প্রশ্ন থাকলে http://www.foreigners247.com/ ওয়েবসাইট দেখুন অথবা mail.foreigners247@gmail.com-তে ইমেইল করুন।

